নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের শিকারের অভিযোগ উঠেছে। এসময় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
এ তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় ঝাল মুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে এ ঘটনা ঘটায়। রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
