মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামের ৪ বছরের শিশু সাইফুল হত্যা মামলায় সোহেল নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকা। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুন সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামের কাশেম মিয়ার ছেলে সোহেল মিয়া প্রতিবেশি মো. বিল্লালের ৪ বছরের শিশুপুত্র সাইফুল ইসলামকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে তার বাবার ২২ হাজার টাকা মূল্যের স্মার্ট মোবাইলফোন নিয়ে আসতে বলে। সোহেল মিয়ার কথা অনুযায়ী ওই শিশু তার বাবার স্মার্ট ফোনটি নিয়ে আসলে সে ওই শিশুটিকে চর বেউথা গ্রামের ইউনুসের ধইনচা খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ ওই ধইনচা খেতে পুঁতে রাখে। গ্রামবাসী ওই দিন বিকালে সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওই রাতে শিশুটির পিতা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় সোহেল মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন সোহেলের স্বীকারোক্তি অনুসারে ওই ধইনচা খেত থেকে শিশু সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।
