পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতনি নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৪

গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারি চালিত রিকশাভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে ট্রাক চাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৫) ও তার নাতনি মাইশা (৪)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহমুদ মিয়ার মেয়ে। 

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সোমবার বিকেলে নানি ও নাতনি ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানে পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় রিকশাভ্যানটির এক পাশের একটি চাকা নির্মাণাধীন ৬ লেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি ও নাতনি রিকশাভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুই জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, চালক-সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত নানি-নাতনির লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে।

ইত্তেফাক/কেকে