মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে মিয়ানমারের সেনারা। মানুষ পুড়িয়ে হত্যা, ধর্ষণ, খুনসহ নানাবিধ বর্বরতার কারণে বিশ্বের মানচিত্রে মিয়ানমার এখন সমালোচিত এক ভূ-খণ্ড। সেই রোহিঙ্গা হত্যাযজ্ঞ নিয়ে ‘পলিথিন হাউজ’ নামের নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল প্রাচ্যনাট।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজাদ আবুল কালামের রচনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রকি খান, সাইদুর রহমান শাহীন, ফয়সাল কবির সাদী, শ্রাবণ শামীম, শর্মিলা সেন, শারমিন আক্তার শর্মী, তাহাদিল আহমেদ প্রমুখ।
নাটমণ্ডলে রসপুরাণ মঞ্চস্থ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় গতকাল নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হলো নাটক ‘রসপুরাণ’। ড. আহমেদুল কবির—এর নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটিতে দেহবিন্যাস করেছেন অমিত চৌধুরী। এই প্রযোজনায় অভিনয় করেছেন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। নাটকটি ৪ এপ্রিল পর্যন্ত মঞ্চস্থ হবে।
