বিইউপিতে অনুষ্ঠিত হলো লিটারেচার ফেস্টিভ্যাল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৭

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে অনুষ্ঠিত হলো লিটারেচার ফেস্টিভ্যাল। 

বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) এর ইংরেজি বিভাগের অধীনে পরিচালিত বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব কর্তৃক আয়োজিত ‘ফেস্টিভ্যাল ৫.০’-এর আয়োজন করে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফেস্টটি গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল সাহিত্যানুরাগী শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশও সৃজনশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং বিশ্বাঙ্গণে বাংলাসাহিত্যকে তুলে ধরা। 

এবারের ফেস্টে ১১টি আলাদা বিভাগে দেশের ৩৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন। ১১টি বিভাগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পপ কুইজ, লিটারেচার কুইজ, আবৃতি, পেইন্টিং, ডিজিটালআর্ট, ফটোগ্রাফি, শর্ট ফিল্ম ইত্যাদি। 

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মোহসীন রেজা।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই