শারীরিক উচ্চতা কম হলেও মেধার উচ্চতায় এগিয়ে জিহাদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪০

এবছর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে (২০২০-২০২১) সেশনে ভর্তি হয়েছেন জিহাদ হাসান। শারিরীক উচ্চতা কম হলেও মেধার উচ্চতায় পিছিয়ে নেই এই তরুণ।

নানা প্রতিবন্ধকতা ও বাধা পেছনে ফেলে সাফল্য অর্জন করেছেন জিহাদ। এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে ৪.২৫ নিয়ে এইচএসসি পাশ করেন তিনি। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. ফারুক হোসেন আর রেহানা আক্তারের ছেলে জিহাদ হাসান। নিজের শারীরিক সমস্যার ব্যাপারে তিনি বলেন, 'আমার উচ্চতা ৩৪ ইঞ্চি, ওজন ৩২ কেজি। চলাফেরা করতে সমস্যা হয়, চোখেও সমস্যা আছে।'

জিহাদের বড় বোন ডা. মনি বলেন, 'তিন বছর বয়সে জেনেটিক অ্যাকোড্লোপ্লাসিয়ায় আক্রান্ত হলে স্বাভাবিক শারীরিক বৃদ্ধি থেমে যায় জিহাদের। খর্বাকৃতির হওয়ায় পাড়া-প্রতিবেশি, আত্মীয়স্বজন, সহপাঠীসহ অনেকেই তাকে নিয়ে উপহাস করতো। কিন্তু পরিবারের সকলে সবসময় তাকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিয়েছি। সে নিজেও চেষ্টা চালিয়ে গেছে, ফলে এই পর্যন্ত আসতে পেরেছে।'

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস কর্মকর্তা হতে চান জিহাদ। তিনি বলেন, প্রতিবন্ধী হওয়ায় অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখতেন। কিন্তু আল্লাহর রহমতে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। কারো কথা শুনে দমে যাইনি। আসলে প্রতিবন্ধীতা কোনো প্রতিবন্ধক নয়, চেষ্টা থাকলে যেকোনো কাজেই সফল হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি।

ইত্তেফাক/এসটিএম