নেপালে প্রভাব বিস্তারে ভ্যাকসিন নীতি অবলম্বন করছে চীন: রিপোর্ট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৫

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীন থেকে ভ্যাকসিন সংগ্রহ করেছে নেপাল। এ কারণে চীনা ঋণের ফাঁদে পড়ছে দেশটি। যার কারণে ধীরে ধীরে নেপালের প্রাকৃতিক সম্পদ ও পররাষ্ট্রনীতিতেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে বেইজিং।

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও যুক্তরাজ্য যখন ভ্যাকসিন সরবরাহ করতে শুরু করেছে তখন চীন সবাইকে টেক্কা দিয়ে নেপালে ৬০ লাখ ডোজ সরবরাহ করেছে। এতে করে হিমালয়ের পাদদেশে থাকা দেশটিতে প্রভাব বিস্তার করতে চাইছে বেইজিং।

করোনাভাইরাসের কারণে নেপালের পর্যটন খাত পড়েছে সংকটে। যা দেশটির অন্যতম অর্থনৈতিক খাত। সেই পরিস্থিতি থেকে পরিত্রাণে নেপাল সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। সেখানে চীন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নেপালে এমন এক সময়ে চীন ভ্যাকসিন পাঠালো যখন সেখানে চীনা নীতির প্রভাবের বিরুদ্ধে বড় পরিসরে বিক্ষোভ হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বেইজিংয়ের এমন পদক্ষেপের কারণে নেপালের অভ্যন্তরীন রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ওপর চীনা প্রভাব আরও বৃদ্ধি পাবে।

এছাড়া, ২০১৭ সালে চীনের মেগা প্রকল্প ওয়ান বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) নেপালকে অন্তর্ভুক্ত করা হয়। সেসময় চীনা বিনিয়োগকারীরা আশ্বস্ত করেছিলো যে, নেপালে বড় আকারে ৯টি প্রকল্প হাতে নেওয়া হবে। যদিও সেসব কার্যক্রম এখনো শুরু হয়নি।

ইত্তেফাক/টিআর