নান্দাইলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে আরাফাত (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ৪ দিন পর তার লাশ পুকুর থেকে  উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে থানা পুলিশ পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। 

নিহত আরাফাত একই উপজেলা গাঙ্গাইল ইউনিয়নের সুরাশ্রম গড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র। 

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, আরাফাত গত ৬ ফেব্রুয়ারি মায়ের সাথে তার নানার বাড়ি পাশের পংকরহাটি গ্রামে বেড়াতে যায়। ওই দিন দুপুরের পর থেকে সে নিখোঁজ হয়। মাইকে প্রচার ছাড়াও অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

শুক্রবার ভোরে শিশু আরাফাতের মৃতদেহ নানার বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিশুর মৃতদেহটি উদ্ধার করে। 

এ ব্যাপারে নান্দাইল থানার উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম