বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ফাইনালে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল 'বারলেক্যাম্প-মেসি'।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দলটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার সৈকত ইত্তেফাক অনলাইনকে বিষয়টি জানান।
এ দলের অন্য সদস্যরা হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহাজালাল সোহাগ এবং সৈকত হোসেন রনি।
প্রতিযোগিতার বিষয় সম্পর্কে ফাহিম বলেন, তিন ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাথমিক, রিজিওনাল এবং ফাইনাল রাউন্ড। যেখানে শাবির এ দলটি প্রাথমিক পর্বে দ্বিতীয় স্থান লাভ করে রিজওনাল পর্বে ওঠে। রিজিওনাল রাউন্ডে ১০টি সমস্যার মধ্যে ৬টির সমাধান করতে সক্ষম হওয়ায় ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়।
বাংলাদেশ থেকে ফাইনালে যাওয়া অন্য দুই বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
শাবির দলের অন্য সদস্য সৈকত হোসেন রনি এ প্রতিযোগিতার বিষয়ে বলেন, এধরনের প্রতিযোগিতাকে আমরা স্পোর্টস প্রোগ্রামিং বলি। নাম শুনেই এটাকে খেলাধুলার মত মনে হচ্ছে। এটা আসলে মস্তিষ্কের চর্চার খেলাধুলা এবং সাথে একটুখানি প্রোগ্রামিং। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা আমাদের প্রবলেম সলভিং স্কিলকে উন্নত করতে পারি। আমাদের দেশ থেকে আমরা একসময় রিজিওনাল পর্যায় পর্যন্ত ভালো করতাম। এখন দেশের টিমগুলো বাইরেও ভালো করছে।
এর আগে ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ডেস্কিফ্রেডর’। তবে ভিসা জটিলতায় পর্তুগালে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল ওই দলটির। পরে তা সমাধান হয়।
