রাজধানীতে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আহত ব্যবসায়ী রোস্তম আলী (৩৭) নিহত হয়েছেন। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪ টার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই মোহাম্মদ আলী বলেন, রোস্তম যাত্রাবাড়ী আড়তে সবজির ব্যবসা করতেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাজলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ ভোরে মারা যান তিনি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

ইত্তেফাক/কেকে