কানাডায় আদালতের নির্দেশ অমান্য করে ট্রাকচালকদের বিক্ষোভ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫

করোনা ভাইরাসের বিস্তার রোধে জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে চলা অবরোধ প্রত্যাহারে ট্রাক চালকদের প্রতি শুক্রবার নির্দেশ দিয়েছে আদালত। তবে বিক্ষোভকারীরা আদালতের নির্দেশ অমান্য করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এরই মধ্যে কানাডার পুলিশ যুক্তরাষ্ট্র এবং কানাডার সংযোগ সেতু অ্যাম্বাসেডর ব্রিজের ওপর বিক্ষোভকারীদের সরাতে অভিযান শুরু করেছে। চলমান সমস্যা নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ফোনে আলাপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

ট্রাকচালকদের বিক্ষোভে কানাডার অন্টারিও রাজ্য অচল হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে জরুরি অবস্থাও। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে বিক্ষোভ তুলে নিতে ট্রাকচালকদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। চলমান আন্দোলনের কারণে টানা পাঁচ দিন ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অ্যাম্বাসেডর ব্রিজ বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। অটোয়াসহ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এই আন্দোলন আরো ছড়িয়ে পড়ছে। ফলে অবিলম্বে বিক্ষোভ উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ট্রাক চালকরা রাজধানী অটোয়ার সীমান্ত ক্রসিংয়ে অচলাবস্থা সৃষ্টি করে রেখেছে। ফলে রাজধানী জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। 

এদিকে আদালতের আদেশের পরও যদি চালকরা তাদের কার্যক্রম অব্যাহত রাখে তবে এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জেল-জরিমানার মুখোমুখি হতে পারেন চালকরা। পুলিশের বিধিনিষেধের পরই বিক্ষোভকরীরা আবার কানাডার পতাকা উত্তোলন করে অ্যাম্বাসেডর ব্রিজ দখল করতে শুরু করে।

ইত্তেফাক/এএইচপি