সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের: মির্জা ফখরুল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৩

ইসির ব্যর্থতা, সুষ্ঠ নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারবে না তারা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোন ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের উপর কোন বাধা বাধ্যকতা থাকতে পারে না কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না।

এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোন পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমআর