সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষিবিদ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ ইন্সটিটিউশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কৃষিবিদ দিবস ২০২২’ উদযাপিত হয়।
সকাল সাড়ে ১০টায় আনন্দ র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালী শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।
পরে ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় কৃষিবিদ ইন্সটিটিউশনের সদস্যবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য কৃষিবিদরা বক্তব্য প্রদান করেন।
আলোচনার পূর্বে জ্যেষ্ঠ কৃষিবিদদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, কৃষিবিদ ইনস্টিটিউশন ২০১০ সাল থেকে প্রতি বছর এ দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষিবিদ দিবস হিসেবে নানা আয়োজনের মাধ্যমে পালন করে আসছে।
