মাশরুমচাষে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন সিরাজগঞ্জের কামারখন্দের সাদ্দাম হোসেন। তাঁত শ্রমিকের পেশার পাশাপাশি মাশরুম চাষ করে খুব অল্প সময়ে সফলতা পেয়েছেন তিনি।
জানা যায়, প্রায় তিন মাস আগে ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট থেকে দুই দিনের প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ির ঘরের মধ্যে আঁধা শতাংশ জায়গায় ৩০০টি স্পন (মাশরুম বীজ) নিয়ে গড়ে তোলেন মাশরুমের খামার। খামার করতে সব মিলিয়ে তার খরচ হয় ১০ হাজার টাকা। দেড় মাস আগে থেকে তিনি মাশরুম বিক্রি শুরু করেছেন। দেড় মাসে তার খরচ বাদে লাভ হয়েছে ১৪ হাজার টাকা।
উদ্যোক্তা সাদ্দাম হোসেন বলেন, ‘দুই দিনের প্রশিক্ষণ নিয়ে ১০ হাজার টাকা খরচ করে দেড় মাসে আমি ২৪ হাজার টাকা মাশরুম বিক্রি করেছি। প্রতি কেজি মাশরুম ৩৫০ টাকা কেজিতে বিক্রি করছি। মাশরুমচাষ করে আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো বলে আমি আশাবাদী। বেকার যুবকদের ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষের আহ্বান জানাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, ‘মাশরুমচাষে আগ্রহী ব্যক্তি কৃষি অফিস থেকে প্রত্যয়ন নিয়ে সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কেউ প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে চাইলে ব্যাংক ঋণও নিতে পারবে। সাদ্দামকে মাশরুম চাষে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’
