ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাইরডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা ও বিটিসিএলের সাবেক সহকারী প্রকৌশলী শেখ গোলাম মোস্তফার পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের হস্তক্ষেপে দখলে ব্যর্থ হয়ে মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
নিজের জীবনের ও পরিবারের নিরাপত্তায় চেয়ে একই সঙ্গে পৈত্রিক সম্পত্তি রক্ষায় বুধবার ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই মুক্তিযোদ্ধা।
থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ জানান, পৌর সদরে ভারইডাঙ্গা গ্রামে অবস্থিত ওই মুক্তিযোদ্ধার পৈত্রিক জায়গাটি একই এলাকার আতর আলী ও আবুল বাসার দখলে চেষ্টা করেন। শেখ গোলাম মোস্তফা থানায় অভিযোগ দায়ের করলে আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টি সমাধানের জন্য বিজ্ঞ আদালতে নথি প্রেরণ করি। একই সঙ্গে এলাকার শান্তি বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: মসজিদ, মাদরাসার উন্নয়নের কথা বলে সরকারি ৫ শতাধিক গাছ কর্তন
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শেখ গোলাম মোস্তফা জানান, আমার পৈত্রিক সম্পত্তি ভোগ করে আসছি। বুধবার রাতে আরত আলী ও আবুল বাসার তার লোকজন নিয়ে রাস্তার পাশে মেহগনি ও কাঁঠাল বাগান দখলে চেষ্টা করেন। আমি ও আমার পরিবার এতে বাধা দিলে তারা মারমুখী হয়। পুলিশের সহায়তায় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার আতংকিত।
ইত্তেফাক/অনি
