‘শেষ ছবিটি করেই মরতে চাই’

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:২৮

দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত্ নিজের উন্নত চিকিত্সার জন্য আমেরিকায় রয়েছেন। গতবছর দেশে ফিরে এসে শাকিব খানকে নিয়ে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন। ছবির নাম রেখেছিলেন ‘বীর’। কেমন আছেন?—এই একটি প্রশ্ন তাঁকে গত কয়েক মাসেও কোনো গণমাধ্যম করেনি। তাই ফেসবুক মেসেঞ্জারে কাজী হায়াত্ ইত্তেফাক থেকে সাড়া পেয়ে আপ্লুত হলেন। ছবিটি প্রসঙ্গে জানালেন, ‘খুব ইচ্ছে শেষ ছবিটি শেষ করে মরতে চাই। অনেক প্রতিকূলতা ডিঙিয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সফল ছবি দিয়েছি। তাই বীর ছবিটি শাকিব খানকে নিয়ে তৈরি করার সব প্রস্তুতিও আছে আমার। শরীরটা সাপোর্ট দিলেই আমি কাজ শুরু করবো।’ উল্লেখ্য, নিয়মিত চেকআপ ও ওষুধ-পথ্য নেওয়ার কারণে আপাতত দেশে আসার ব্যাপারে কিছুই বলতে পারলেন না বরেণ্য এই নির্মাতা। তবে শরীরের সাথে যুদ্ধ করলেও নতুন ছবি নিয়ে স্বপ্ন বুনছেন সুদূর প্রবাসে থেকেও!