বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হুভার-এর সাথে সিমকো গ্রুপের ব্যবসায়িক চুক্তি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯

বিশ্ববিখ্যাত হুভার, ডাস্টার লিমিটেড বাংলাদেশের একট ব্র্যান্ড। সম্প্রতি হুভার বাংলাদেশের সাথে ব্যবসায়িক চুক্তি করেছে সিমকো গ্রুপ। এই চুক্তির মাধ্যমে এখন থেকে চট্টগ্রামে হুভার-এর সকল ধরণের পণ্য সামগ্রী পাওয়া যাবে সিমকো গ্রুপের প্রতিষ্ঠান সিমকো মার্টে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে সিমকো গ্রুপের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন সিমকো গ্রুপ এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান খান মাসুম, ডাস্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম, হুভার বাংলাদেশের বিজনেস উপদেষ্টা আসগর মিরন, হুভার বাংলাদেশ এর সেলস অফিসার মোহাম্মদ নূর এহসান পুলক এবং সিমকো মার্ট এর শোরুম ম্যানেজার মোহাম্মদ জোনায়েদ হাসান। 

হুভার প্রায় ১০০ বছর ধরে বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯০৭ সালে হুভার-এর যাত্রা শুরু হয়। বর্তমানে ফ্লোর-কেয়ার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে প্রতিষ্ঠানটি সবার প্রথমে অবস্থান করছে। হুভার-এর কার ওয়াশার, ফ্লোর ক্লিনার এবং ভ্যাকিউম ক্লিনার বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা আস্থার সাথে পূরণ করে আসছে। সিমকো গ্রুপের সাথে চুক্তির ফলে এখন থেকে চট্টগ্রামের গ্রাহক এবং সাধারণ ক্রেতাগণ অতি সহজেই সিমকো মার্ট থেকে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন। 

সিমকো মার্টে হুভার-এর পণ্য বিক্রয় করা হবে। ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগরের গোলপাহাড় মোড় আইপিএল সিটি সেন্টারের ৭ম তলায় সিমকো মার্ট নামের ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। এটি সাজানো হয়েছে ইলেকট্রনিক্স, কিচেন সামগ্রী, স্যানিটারি ও টাইলস সামগ্রী, ক্রোকারিজ, কিডস্ ও মোবাইল এক্সেসরিজ এবং লেডিস কর্নার নিয়ে। নির্ঝঞ্ঝাট পরিবেশে এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন ক্রেতাসাধারণ। অন্যান্য সামগ্রীর পাশাপাশি হুভার এর পণ্য আরো সমৃদ্ধ করবে সিমকো মার্টকে।

ইত্তেফাক/এসটিএম