এনডিটিভি
শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলসহ আট স্থানে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে তিন নারীসহ ছয়জনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পুলিশ বৃহস্পতিবার হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহভাজন ওই ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে তথ্য চেয়েছেন।
পুলিশ ওই ভয়াবহ হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ৩৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ইস্টার সানডের দিন ওই হামলা হয় তিনটি গির্জা, চারটি অভিজাত হোটেল এবং একটি বাড়িতে। এতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়। যদিও প্রথমে নিহতের সংখ্যা ৩৫৯ বলা হয়েছিল। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গণনার ভুলে মৃতের সংখ্যা বেশি বলা হয়েছিল। ৯ আত্মঘাতী হামলাকারী আট জায়গায় হামলা চালায়। তারা সবাই স্থানীয় চরমপন্থি দল ন্যাশনাল তাওহীদ জামায়াতের (এনটিজে) সদস্য বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। যদিও মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আটজনকে দেখা গেছে, যারা ওই হামলায় অংশ নেয় বলে আইএসের দাবি। শ্রীলঙ্কা সরকার বলেছে, হামলায় এক নারীসহ মোট নয়জনের অংশ নেওয়ার তথ্য রয়েছে তাদের কাছে, তাদের সবাই শ্রীলঙ্কার নাগরিক।
ভয়াবহ ওই হামলার পর আরো হামলা হতে পারে আশঙ্কায় শ্রীলঙ্কায় বিশেষ করে রাজধানী কলম্বোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে ছয় হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার সুমিথ আতাপাত্তু।
