সিরাজগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ হাজার ৫৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৩৮৬টি প্রধান শিক্ষক এবং ৬৭২টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ২ হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১ হাজার ৫৮টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন যাবত।
কয়েক জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকসংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল জানান, প্রধান শিক্ষকের শূন্য পদসংক্রান্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। করোনা নিয়ন্ত্রণে এলে দ্রুত শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষকের পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।
