কামারখন্দে তিন বছর ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫

কামারখন্দে পাইকোশা বাজার এলাকায় সেতু নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। জমিসংক্রান্ত জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে সেতুর নির্মাণ কাজ। ফলে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ দুই পাড়ের বাসিন্দাদের।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সালে ১ মে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত এক-শতাংশ কাজও সম্পন্ন হয়নি। এ স্থানে কামারখন্দ উপজেলা পরিষদ থেকে দেড় বছর আগে ৯০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সাঁকো তৈরি করে দেওয়া হয়। 

সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম ও নাসির জানান, সড়কটি বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়ে। পাইকোশা হাট-বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোনাউল্লাহ জানান, সাঁকোটি নড়বড়ে হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে গেছে। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আমি সম্প্রতি যোগদান করেছি। সেতুর বিষয়ে আমার জানা নেই। 

উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ বলেন, নির্মাণাধীন সেতুর দুইপাশের জমিসংক্রান্ত জটিলতা থাকায় সেতুর কাজ বন্ধ রয়েছে। বিষয়টির সমাধান হলে সেতুর কাজ আবারো শুরু হবে।

ইত্তেফাক/ ইআ