পাটগ্রাম পৌর শহরে এক দিকে অবৈধভাবে দখল হচ্ছে ফুটপাত, অন্যদিকে যানজটের কারণে নাকাল হচ্ছেন এলাকাবাসী।
দেখা গেছে, পৌরশহরের পশ্চিম চৌরঙ্গী থেকে পূর্ব চৌরঙ্গী পর্যন্ত প্রধান সড়ক, পূর্ব চৌরঙ্গী থেকে পৌরসভা সড়ক, পশ্চিম চৌরঙ্গী থেকে বাইপাস সড়ক, রেল স্টেশন সড়ক, পুরাতন কাঁচাবাজার সড়ক, ধরলা সেতু সড়কের দুই দিকেই প্রায় পাঁচ থেকে সাত ফুট ফুটপাত অবৈধ দখলে নেওয়া হয়েছে।
ফুটপাত ও চলাচলের সড়ক ঘেঁষে প্রতিদিন বসছে বিভিন্ন দোকানপাট। সড়ক জুড়ে যানজট স্থায়ী রূপ নেওয়ার পাশাপাশি ফুটপাত দখল হওয়ায় সাপ্তাহিক হাটবার পুরো শহর এবং বাজার এলাকায় এক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাটগ্রাম পৌর শহরের বাজারে ফুটপাতের স্যান্ডেল দোকানদার বলেন, পাটগ্রাম বাজারে একটি দোকান ভাড়া নিতে অনেক টাকা অগ্রিম দিতে হয়। ভাড়াও বেশি। এত টাকা দিয়ে দোকান নেওয়ার সামর্থ্য না থাকায় পেছনের দোকান মালিককে কিছু টাকা অগ্রিম দিয়ে মাসিক ১ হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তে ফুটপাতে দোকান করছি।
পাটগ্রাম পৌরসভার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, দুই বছর আগে ফুটপাত দখলমুক্ত হয়েছিল। কিছুদিন পর পুনরায় দখল হয়ে গেছে। ফুটপাত দিয়ে বর্তমানে চলাচল করা কষ্টসাধ্য। কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।
মির্জারকোর্ট এলাকার কলেজ শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, পাটগ্রাম পৌর শহরে বেশ কয়েকটি স্কুল ও কলেজ আছে। শত শত শিক্ষার্থী শহরের ফুটপাত ব্যবহার করে যাতায়াত করে থাকে। কিন্তু ফুটপাত এমনভাবে দখল হয়ে গেছে চলাচলের কোনো উপায় নেই। আমাদের মতো শিক্ষার্থীদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, পৌরবাসী ও পৌরশহরে আসা জনসাধারণের চলাচলে ভোগান্তি দূর করতে ফুটপাত দখলমুক্ত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রচেষ্টা চলছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, জনসাধারণের চলাচলের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ যদি সহযোগিতা চায় আমরা সহায়তা করব। তবে ফুটপাত দখলমুক্ত হওয়া প্রয়োজন।
