ভারতের কর্ণাটকে চলমান হিজাব ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন ভোপাল লোকসভার সদস্য ও বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেছেন, জনসমক্ষে হিজাব পরার দরকার নেই, কারণ হিন্দুরা নারীদের পূজা করে। তাদের খারাপ চোখে দেখে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জানা যায়, ভোপালের একটি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। চলমান হিজাব ইস্যুতে প্রজ্ঞা ঠাকুর বলেন, কোথাও হিজাব পরার দরকার নেই। বাড়িতে যারা নিরাপদ নয়, শুধু তারা হিজাব পরুন। মাদরাসা আছে, সেখানে যদি হিজাব পরেন তাহলে কিছু বলার নেই। কিন্তু যেখানে ‘হিন্দু সমাজ’ আছে, সেখানে এর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, হিজাব হলো পর্দা। যারা আপনার দিকে কুদৃষ্টিতে তাকায় পর্দা তাদের বিরুদ্ধে ব্যবহার করুন। কিন্তু এটা নিশ্চিত যে হিন্দুরা নারীদের খারাপ চোখে দেখে না। নারীদের পূজা করে তারা। আপনাদের উচিত বাড়িতে হিজাব পরা।
গত ডিসেম্বরে, কর্ণাটকের শ্রেণিকক্ষে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক শুরু হয়। উদুপি জেলার ৬ জন ছাত্রী এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করার পর ব্যাপকভাবে প্রতিবাদ শুরু হয়। এরপর ৩ দিন কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়।
গত ১০ ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত হিজাব-সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন স্কুল ও কলেজে হিজাবসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না বলে নির্দেশ দিয়েছেন কর্ণাটকের হাইকোর্ট।
