এনইউবিডিয়ানস আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী যারা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

অনিন্দ্য সুন্দর বাংলাদেশের ছবি নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে ‘হাউজ অব এনইউবিডিয়ানস’। এরই মধ্যে ১০ জন পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও সিইও পলাশ সকাল।

হাউজ অব এনইউবিডিয়ানস আয়োজিত এই প্রতিযোগিতার নাম ছিল ‘হ্যালো বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট’। এক হাজার ১২৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। সংক্ষিপ্ত তালিকা থেকে আলোকচিত্র বিজয়ী করা হয়েছে।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন আলোকচিত্রী প্রীত রেজা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাব্বির ইসলাম। তার ছবিতে ফুটে ওঠে লাল শাপলার অপরূপ সৌন্দর্যের সমারোহ। অন্যান্য বিজয়ীরা হলেন- শাহরিয়ার হোসাইন, ইসরাত জাহান, সারমিন আক্তার, মাহমুদুল বারী হাসান, নুসরাত শারমিন সুইটি, পরশ মাহমুদ, কাউছার আদনান, মো. আছিবুল আলম তন্ময় ও মোহাম্মদ রেজা হাসান দেওয়ান।

বিজয়ীদেরকে এসব ছবির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে স্মার্টফোনসহ আকর্ষণীয় ১০টি পুরস্কার। এই প্রতিযোগিতার সহযোগীতায় ছিল সেলএক্সট্রা।

ইত্তেফাক/এসটিএম