টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুহাফার ২১ বছর পদার্পণ উপলক্ষে বার্ষিক চিকিত্সা শিবির, সম্মাননা ও কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় হ্নীলা গুলফরাহ-হাশেম ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন রোগের বার্ষিক চিকিত্সা সেবা কার্যক্রম, ডায়বেটিস পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের কর্ণছেদন কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১১টায় গুহাফা মিলনায়তনে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বি কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সদস্য কায়সারউদ্দিন আহমদ ও মমতাজুল ইসলাম মনুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কিডনী বিভাগের প্রাক্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুছ।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. জামাল আহমদ, চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম, কক্সবাজার ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোছন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডা. জামাল আহমদ। এরপর ২০১৮ সালে আন্তঃউপজেলা গুহাফা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, কম্পিউটার কোর্স উত্তীর্ণ এবং গরীব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
