পশ্চিমবঙ্গে ফের তৃণমূলের হয়ে কাজ শুরু আইপ্যাকের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০০

জেলাস্তরে ফের তৃণমূলের হয়ে কাজ শুরু করে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। কিছুদিন আগেই তৃণমূল-আইপ্যাক সম্পর্ক বিচ্ছেদের জোর জল্পনা শুরু হয়েছিল। তাতে আগুনে ঘিয়ের কাজ করেছিল আইপ্যাকের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যােপাধ্যায়কে আনফলো করার ঘটনা। কিন্তু সেই খবর প্রকাশিত হওয়ার পরেই ফের মমতাকে টুইটারে ফলো করতে শুরু করে আইপ্যাক। যদিও কোনো পক্ষই বিচ্ছেদ বা মনকষাকষির কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেনি।

ওই সময়েই জেলাস্তরে আইপ্যাকের প্রতিনিধিদের গতিবিধিও কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি আবার তারা স্বমহিমায় জেলাস্তরে কাজ শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে নেতাকর্মীদের কাছে একটি লিখিত বার্তাও পৌঁছে গিয়েছে আইপ্যাকের তরফে। বাংলা ও ইংরেজিতে পাঠানো হয়েছে বার্তাটি। তৃণমূলের প্রত্যেক সাংগঠনিক জেলায় একজন করে আইপ্যাকের প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। তারাই মূলত বার্তাটি পৌঁছে দিয়েছেন নেতাকর্মীদের মোবাইলে। ২০২০ সালের মার্চ মাসে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সময় প্রত্যেক বিধানসভা এলাকায় আইপ্যাকের উদ্যোগে নেতা-সাংবাদিক-আইপ্যাকের প্রতিনিধিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। সেই গ্রুপগুলো দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। এই কাজে সেই সব গ্রুপকেই কার্যকর করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে এসবের মধ্যেই আবার পিকের সংস্থা আইপ্যাককে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যােপাধ্যায়। রবিবার (২০ ফেব্রুয়ারি) তিনি বলেছিলেন, ‘প্রার্থীদের জেতাতে ময়দানে আইপ্যাককে দেখা যাচ্ছে না, আমাকেই খাটতে হচ্ছে।’ সোমবার বললেন, ‘আইপ্যাকের জন্যই এত নির্দল হয়েছে।’ তবে আইপ্যাক নিয়ে প্রশ্নের জবাবে কারো নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘পরামর্শ যার থেকেই নেওয়া হোক না কেন, যা করার দলই করবে।’

ইত্তেফাক/টিএ