গেতাফের মাঠে হোঁচট বিরক্ত রিয়াল মাদ্রিদ কোচ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৫

স্পোর্টস ডেস্ক

জিনেদিন জিদান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ গত বৃহস্পতিবার গেতাফের মাঠে হোঁচট খাওয়ায় তিনি নিজেও কিছুটা ক্রুদ্ধ। রিয়াল গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত খেলাটিতে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়।

রিয়াল এ নিয়ে তিন খেলায় বিপক্ষের মাঠে জিততে পারলো না। আগের খেলা দুটিতে ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলের হারের পর গত সপ্তাহে লেগানেসের মাঠে ১-১ ড্র করেছিল রিয়াল।

গেল আগস্টে নিজেদের মাঠে এই দলকে ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল রিয়াল। কিন্তু এদিন সেই দলটির সাথে কুলিয়ে উঠতে পারেনি চলতি মৌসুমে পথ হারানো স্প্যানিশ জায়ান্টরা। যদিও এই খেলায় স্প্যানিশ রাজধানীর ক্লাবটির হয়ে ভালো ফর্মে থাকা করিম বেনজেমা গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন।

বেনজেমা দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দিতে পারতেন। ইসকোর বাড়ানো বলে বক্সে গোলরক্ষককে একা পেলেও ফরাসি ফরোয়ার্ড শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট নেন। বিরতির আগে গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে আবারও দুর্বল শটে সমর্থকদের হতাশ করেন বেনজেমা।

স্প্যানিশ লিগের শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া রিয়াল এ পর্যন্ত ৩৪ খেলায় ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় স্থানে থাকলো। অপরদিকে সমান খেলা শেষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৮০। কাতালান ক্লাবটির চাইতে নয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

গেতাফে এই ড্রয়ের পর ৫৫ পয়েন্ট পেয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস দুটি জোরালো আক্রমণ প্রতিহত না করলে দলটি হয়তো জিতেও যেতে পারতো। তারপরও এক পয়েন্টের সুবাদে গেতাফে চ্যাম্পিয়ন্স লিগে খেলার বাধ্যবাধকতা শীর্ষ চারে থাকার ব্যাপারে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে চলতি মৌসুমে কয়েকবার কোচ বদলানো রিয়াল যে তৃতীয় স্থানের উপরে উঠতে পারবে না এটা প্রায় নিশ্চিতই। এ কারণে কোচ জিদানের মনোযোগ এখন পরবর্তী মৌসুমের দিকে। তারপরও জিদান আশা করেন তার খেলোয়াড়রা আরো বেশি আক্রমণাত্মক নৈপুণ্য দেখাক।

জিদান এ প্রসঙ্গে বলেন,‘আমাদের অনেকবার গোল করার সুযোগ এসেছিল কিন্তু আমরা পারিনি। আমরা তাই খেলার ফল নিয়ে কিছুটা বিরক্ত। আমরা আরো বেশি পেতে পারতাম। খেলোয়াড়রা খুবই ভালো ম্যাচ খেলেছে। রক্ষণাত্মকভাবে আমরা ভালো ছিলাম। আমরা কখনোই ঝুঁকিতে ছিলাম না। আমরা খেলায় জয়ের জন্য স্রেফ গোলের দেখা পাচ্ছিলাম না। জয় না পাওয়ায় আমরা কিছুটা ক্রুদ্ধ।’