মারা গেলেন এমিলিয়ানোর পিতাও

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৬

এ বছরের শুরুতে বিমান দুর্ঘটনায় কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেলেন তার পিতা হোরাচিও সালা। খেলোয়াড়টির জন্ম শহর প্রোগ্রেসোর মেয়র হুলিও মুলার জানান, গত শুক্রবার মারা যান হোরাচিও। মুলার স্থানীয় রেডিও স্টেশনকে বলেন, ‘হোরাচিও এমির (সালা) ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি।’ আর্জেন্টিনার গণমাধ্যম এ খবর দেয়। ফরাসি ক্লাব নতে থেকে রেকর্ড অর্থে কার্ডিফে সই করার পর সালা এবং তার পাইলট ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেলের উপর দিয়ে ইংল্যান্ডে আসছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে সালাকে বহন করা ছোট বিমানটি ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত হয়। সালার দেহাবশেষ পরে মিললেও ওই বিমানের পাইলট ডেভিড ইবতসনের এখনো খোঁজ মেলেনি। কার্ডিফ সিটি এ খবরে শোক জানিয়েছে।