৭ মার্চ মধ্যরাত ২টায় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন ডেকে বসলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। তার ডাকা এই অধিবেশন ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি। এই অধিবেশন ডাকার কথা রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত।
টুইটে পশ্চিমবঙ্গের রাজ্যপাল উল্লেখ করেন, রাত ২টায় বিধানসভা অধিবেশন শুরু হওয়ার ঘটনা ঐতিহাসিক ও নজিরবিহীন। অস্বাভাবিকও বটে। তবে তা পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সিদ্ধান্তে হয়েছে এবং সেই সিদ্ধান্তই তিনি মেনে নিয়েছেন।
টুইটে তিনি আরও বলেন, মধ্যরাতের অধিবেশনের সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ করেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে বৃহস্পতিবার দুপুরে জরুরি ভিত্তিতে ডেকেছিলেন। তিনি না আসায় এই সিদ্ধান্ত। মন্ত্রিসভার পক্ষে যে চিঠি পাঠানো হয়েছিল, তার কোন অংশটির কারণে এই সিদ্ধান্ত, তা-ও টুইটে যুক্ত করেন তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে একবার বিধানসভার অধিবেশন বসেছিল সন্ধেবেলায়। কিন্তু কখনোই পশ্চিমবঙ্গের ইতিহাসে গভীর রাতে অধিবেশন ডাকার নজির নেই।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বিধানসভার অধিবেশন শুরু করার ফাইল পাশ করিয়ে পাঠানো হয়েছিল রাজভবনে। চিঠির বিভিন্ন অংশে ৭ মার্চ দুপুর ২টায় অধিবেশন শুরু প্রস্তাবের উল্লেখ থাকলেও অষ্টম প্যারায় রাত ২টা লেখা ছিল। সেই অংশই অনুমোদন করে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি বলেন, আমার মনে হয় এটা কোনো টাইপোগ্রাফিক্যাল ভুল। আশা করি সরকার আলোচনা করে বিষয়টি ঠিক করে নেবে। পশ্চিমবঙ্গ সরকার সূত্রে জানা গেছে, ত্রুটি সংশোধনে ২৮ ফেব্রুয়ারি এ নিয়ে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রস্তাব সংশোধন করে রাজ্যপালের কাছে তা পাঠানো হবে অনুমোদনের জন্য।
