জয়পুরহাটের ক্ষেতলালে স্কুলছাত্রীকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে এক যুবক। পালানোর সময় এলাকাবাসী ঐ যুবককে আটক করে। নওগাঁয় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দরিদ্র এক প্রতিবন্ধী কিশোরকে (১২) বলাত্কার করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে রংপুরের মিঠাপুকুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নরসিংদীতে শিশু ধর্ষণ মামলার আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে রাব্বি হোসেন (১৮) নামে এক যুবক। রাব্বি উপজেলার বিনাই পাঁচখুপি গ্রামের বজলুর রহমানের ছেলে। গত বুধবার রাতে উপজেলার বিনাই পাঁচখুপি গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় হিন্দা-বিনাই সড়কের থাবাল এলাকায় ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বৃহস্পতিবার রাতে ধর্ষিতার মা ক্ষেতলাল থানায় ধর্ষকের নাম উল্লেখ করে মামলা করেছেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ছাত্রীটির চিকিত্সা চলছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শাহারিয়ার খান বলেন, আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁঃ নওগাঁয় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দরিদ্র এক প্রতিবন্ধী কিশোরকে (১২) বলাত্কার করার অভিযোগ উঠেছে মমতাজ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে। বিচার না পেয়ে গত ২১ এপ্রিল স্থানীয় কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন ওই কিশোরের দাদি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শালুকা (হিন্দুপাড়া) গ্রামে। অভিযুক্ত মমতাজ উদ্দিন এই গ্রামেরই বাসিন্দা। অভিযুক্ত মমতাজ উদ্দিনকে না পাওয়া গেলেও তার ছেলে মো. বাবু জানান, তার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর সাভার থেকে মামলার প্রধান আসামি রতন মিনজিকে (২০) গ্রেফতার করে র্যাব-১৩ এর একটি দল এবং স্বপন মিনজি ওরফে মামুনকে (২৫) পীরগঞ্জ থেকে গ্রেফতার করে রংপুর ডিবি পুলিশ। রতনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। স্বপনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে বলে উভয়েই জানান। অপর আসামি হযরত পলাতক রয়েছে।
নরসিংদী: শুক্রবার র্যাব-১১ ঢাকার উত্তরা থানার রোড নং-৮ বাইতুল নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর শিবপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণকারী রায়হানকে (২২) গ্রেফতার করেছে। বিকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান গত ২০ এপ্রিল ৪ বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে বলে স্বীকার করেছে।
