সিরাজগঞ্জের কামারখন্দে নয়াচালার আলেকশহরে দ্বাদশ লালন স্বরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আলেকশহরে এই উৎসব
অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গা থেকে আগত লালন ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে লালন চর্চা কেন্দ্র। রাতভর চলে এ অনুষ্ঠান।
সকল মানুষের মধ্যে সম্প্রতির বন্ধন তৈরির লক্ষে প্রতি বছরের মত এবারও সন্ধ্যা থেকে লালন ভক্তরা মিলিত হন আলেকশহরে। বিশ্ব হোক শান্তিময়, ভেদাভেদ ভুলে মানুষের পরিচয় হোক শুধুই মানুষ এমন প্রত্যাশা নিয়ে গত ১১ বছর ধরে আলেকশহরে চলছে লালন স্বরণোৎসব।
নাটোর থেকে আসা ময়না সাধু জানান, এই আলেকশহরের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মাদ আলী সাধুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতি বছর আমি এই লালন স্বরণোৎসবে আসি। লালন সাইজির কালাম শুনি, কালাম গাই। হৃদয়ে আত্মতৃপ্তি পাই।
লালন চর্চা ও গবেষণা কেন্দ্র আলেকশহরের বর্তমান প্রধান মুক্তা সাধু জানান, লালনের মহৎ বানী মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর এমন আয়োজন করা হয়।
এর আগে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলেকশহরের সভাপতি মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম তারা প্রমুখ।
