রাজধানীর পুরান ঢাকার কাপ্তানবাজার (ঠাটারী বাজার) জামে মসজিদের সম্পত্তি দখল নয়, বরং দীর্ঘদিন ধরে বেদখলে থাকা মসজিদের সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দাবিদার মহিউদ্দিন বুলু। গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাকে ‘‘আওয়ামী লীগ পরিচয়ে’ মসজিদের জমি দখল, মার্কেট ভাংচুর” শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় তিনি এই দাবি করেছেন।
মহিউদ্দিন বুলুর দাবি, মসজিদের মোট সম্পত্তি ১৮ কাঠা। এর মধ্যে ছয় কাঠার ওপর মসজিদ। বাকি ১২ কাঠার ওপর একটি চক্র গোডাউন বানিয়ে দীর্ঘ ৪২ বছর ধরে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। দোকানপাটের নামে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপও চলছিল। বুলু বলেন, মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে আমার নেতৃত্বে এই জায়গা উদ্ধার করা হয়েছে। এখানে বৈধ কাউকে উচ্ছেদ করার ঘটনা ঘটেনি, ব্যক্তিগতভাবে কেউ জমি দখলও করেনি। উদ্ধারকৃত সম্পূর্ণ জায়গার উপর মসজিদের ভবন, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করা হবে। মসজিদের জমি উদ্ধারে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী ও ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুও সহযোগিতা করেছেন।
