শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিক আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০১:২১

শ্রীলঙ্কায় ভয়াবহ আত্মঘাতী সিরিজ বোমা হামলার ঘটনার পর শ্রীলঙ্কা থেকে ১১ শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিরিজ বোমা হামলাকারীদের মধ্যে আপন দুই ভাইয়ের একজন ইনসাফ ইব্রাহীমের একটি তামা কারখানায় এই শ্রমিকরা কাজ করতেন বলে জানানো হয়েছে। ওই কারখানাতেই আত্মঘাতী হামলায় ব্যবহূত বোমাগুলো তৈরি হয়েছিল বলে শ্রীলঙ্কার পুলিশের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। এরপর ইমিগ্রেশন পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ১১ শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

ফেরত আসা শ্রমিকদের সবার বাড়ি টাঙ্গাইলে। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় যারা কর্মরত ছিলেন, তারা কেউ বোমা হামলা বা সন্ত্রাসবাদের বিষয়ে কোনো তথ্য জানেন কি না, সেজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।