দেশে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা বৃদ্ধি করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। এর আগে এ সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল থেকেই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে সরকার সারা দেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে সিএনজি স্টেশনগুলোকে এ সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

কেন্দ্রীয় শহিদ মিনারে পথনাটক উৎসব শুরু