গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন লিটন দাস। এর পরই পাকিস্তান সিরিজে ফরম্যাটটি থেকে তাকে বাদ দেওয়া হয়। যদিও সে সময় নির্বাচকরা বলেছিল, এই ওপেনারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে লিটন বলছেন, বিশ্রাম নয়, তাকে বাদ দেওয়া হয়েছিল।
ওই বাদ পড়াই যেন তাতিয়ে দিয়েছে লিটন দাসকে। টেস্টে ধারাবাহিক পারফরম্যান্সের পর ওয়ানডেতেও তা বজায় রেখেছেন। তখন সবাই ভেবেছিল হয়তো টি-টোয়েন্টিতে পারবেন না। কিন্তু বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে আবারও এই ফরম্যাটে জাতীয় দলে জায়গা করে নেন। এবং ফিরেই প্রথম ম্যাচে ম্যাচজয়ী ইনিংস। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কী হতে পারে।
গতকাল (৩ মার্চ) ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় দল থেকে বাদ পড়ার প্রসঙ্গটিও আসে। জবাবে এই ওপেনার বলেন, ‘বিশ্রাম নয়, বাদ। বিশ্রাম বলতে কী? আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? ছুটি? পুরো খবর আগে ভালো করে জানবেন। তারপর প্রশ্ন করবেন। বিশ্বকাপের পর এসে সরাসরি জাতীয় লিগে খেলেছি। ছুটি নিলাম কোথায়?’
এই বিরতি তাকে এমন প্রত্যাবর্তনে সহায়তা করেছে কি না, জবাবে লিটন দাস বলেন, ‘আমি তো খেলছিলামই। টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলেছিলাম, ধারাবাহিক ছিলাম। তারা মনে করেছে, লিটনকে খেলালে ভালো হবে। আমি চেষ্টা করেছি, শতভাগ দেওয়ার।’
