রুশ-ইউক্রেন ইস্যু নিয়ে যা বললেন কোয়াডের নেতারা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৬:২৯

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের কথিত জোট কোয়াডের শীর্ষ বৈঠকে নেতারা বলেছেন, ইউক্রেনের মতো ঘটনা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হতে দেওয়া উচিত হবে না। জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা এই কথা বলেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে অংশ নিয়ে ইউক্রেন-সংকট নিরসনে সব পক্ষকে কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ভাচু‌র্য়ালি অনুষ্ঠিত বৈঠকে মূলত স্বায়ত্তশাসিত তাইওয়ান নিয়ে উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, আমরা সম্মত হয়েছি যে, একতরফাভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিবস্থা পরিবর্তনের চেষ্টাকে মানা উচিত হবে না। একই সঙ্গে মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে আরো কাজ করতে হবে। কোয়াড বৈঠকের পর এক যৌথ বিবৃতিতেও এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কোয়াড একটি ম্যাকানিজম হিসেবে কাজ করে যাবে। আগামী কয়েক মাসের মধ্যে টোকিওতে কোয়াড দেশের শীর্ষ নেতারা সরাসরি বৈঠকে বসবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় বলেন, কোয়াড নেতারা ইন্দো-প্যাসিফিক ছাড়াও সারা বিশ্বে সার্বভৌমত্ব ও সীমানার অখণ্ডতা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনে তাইওয়ানের প্রতিনিধি কোয়াডের এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য তাইওয়ান শান্তি-প্রিয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।

নরেন্দ্র মোদি বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রসারের মূল লক্ষ্যে কোয়াড অটুট থাকবে। ত্রাণ, ঋণের স্থিতিশীলতা, সরবরাহ-শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন শক্তি, সংযোগ এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রে কোয়াড দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন মোদি।

ইত্তেফাক/এএইচপি