বহিষ্কার করায় গোটা স্কুল পুড়িয়ে দিলো ৬ ছাত্র

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৫

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬ ছাত্রকে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সেই রাগেই গোটা স্কুলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই ছাত্রদের বিরুদ্ধে। ভারতের মণিপুরের কাকচিং জেলার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, গত সপ্তাহে অভিযুক্ত ৬ ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়া হয়। তারপরেই শুক্রবার স্কুলে আগুন ধরিয়ে দেয় তারা। তাদের সঙ্গে অবশ্য আরও অনেকে যুক্ত ছিলো।

স্কুলের প্রিন্সিপ্যাল ফাদার ডমিনিক জানিয়েছেন, ‘‌ভয়াবহ ওই আগুনে ১০টি কক্ষ পুড়ে গেছে। তার মধ্যে ২টি রুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।’‌

আরো পড়ুন: বাসে ছিনতাইকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক

স্কুল কর্তৃপক্ষের ধারণা, ওই ছাত্রদের বহিষ্কার করার পর স্থানীয় কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তারা।

প্রিন্সিপ্যাল আরো জানিয়েছেন, ‘‌আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি সেটা হল; স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় সংগঠনটি। তাই তারা এই ঘটনা ঘটিয়েছে। তারা চেয়েছিল, ওই ছয় ছাত্রের শাস্তি তুলে নেওয়া হোক।’‌ 

এর আগে স্কুলেরই একজন শিক্ষককে হেনস্থা করেছিল ওই ৬ ছাত্র। সেই হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তারপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ।

ইত্তেফাক/বিএএফ