সুনামগঞ্জে হৃদরোগ বিষয়ক সচেতনতায় আলোচনা সভা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৩:৪২

সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, জালালাবাদ এসোসিয়েশন ও সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাও্য়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম। উচ্চ রক্তচাপ একটি স্থায়ী রোগ হিসেবে বিবেচিত, আমিও এর রোগী। এর জন্য চিকিৎসা ও প্রতিরোধ দুটোই জরুরি। তা না হলে বিভিন্ন জটিলতা, এমনকি হঠাৎ করে মৃত্যুরও ঝুঁকি থাকে। 

সুনামগঞ্জ জেলায় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। হাসপাতালের জন্য জমি প্রদানে জেলা প্রশাসককে অনুরোধও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক (উপ-পরিচালক) ডা. মো. আনিসুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী।

সভায় অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন, হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আকবর হোসেন মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের প্রচার সম্পাদক পংকজ কান্তি দে।

ইত্তেফাক/এসটিএম