দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সয়াবিনের বোতলের গায়ে লেখা দাম তুলে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার নগরীর উপশহর নিউমার্কেট এলাকার ‘রইস উদ্দিন স্টোরে’ অভিযান চালিয়ে মালিককে ৩০ হাজার টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুধু ঐ দোকানেই নয়, অভিযোগ উঠেছে, বাজারে তেলের দাম বাড়ানোর ঘোষণায় রাজশাহীর অনেক ব্যবসায়ী মজুত সয়াবিনের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ঘষে তুলে ফেলছেন। পরে সেই তেলের বোতল বেশি দামে বিক্রি করছেন। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত ও ব্যবসায়ীরা অধিক লাভবান হচ্ছেন। এমন পরিস্হিতিতে বাজার স্বাভাবিক রাখতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ‘বৃহস্পতিবার একজন ভোক্তার ফোন পেয়ে উপ-শহর নিউমার্কেট এলাকায় ‘রইস উদ্দিন স্টোরে’ অভিযান চালানো হয়। ভোক্তার অভিযোগ ছিল, পাঁচ-ছয়টি দুই লিটারের সয়াবিন তেলের বোতলের দাম দোকানমালিক মুছে ফেলে বেশি দামে বিক্রি করছিলেন। ঐ দোকানে গিয়ে দেখা যায়, দোকান মালিক মো. রশিদ বোতলের গায়ে লেখা ৩১৮ টাকা মূল্যের মাঝের ১ লেখাটি মুছে দিয়েছেন। এভাবে ক্রেতার সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। এ কারণে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি জানান, গত কয়েক দিন ধরে তারা রাজশাহীর বাজারে তেলের দাম বৃদ্ধির বিষয়ে নানা অভিযোগ পাচ্ছেন। বিভিন্ন দোকানি নানা কৌশলে দাম বাড়িয়ে তেল বিক্রির চেষ্টা করেন। এতে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়ছেন। তাদের স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
