বাবা হত্যার দণ্ড মাথায় নিয়ে ৩০ বছর আত্মগোপনে

আপডেট : ০৬ মার্চ ২০২২, ২০:১০

রাজশাহী চারঘাট উপজেলার সলুয়া গ্রামে ১৯৯১ সালের ডিসেম্বরে খুন হন মহসিন আলী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয় তার ছেলে আকছেদ আলীর।

এর পর থেকেই পালিয়ে যান তিনি। আত্মগোপনে কাটিয়ে দিয়েছেন ৩০ বছর। অবশেষে শনিবার জেলার চারঘাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখার আলম জানান, সলুয়া গ্রামে ১৯৯১ সালের ডিসেম্বরে মহসিন আলী খুন হন। এ ঘটনায় তার ছেলে আকছেদ আলীর বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা হয়। ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত বাবাকে হত্যার দায়ে ছেলে আকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার চারঘাট মডেল থানার এএসআই রাজুসহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

 

ইত্তেফাক/ইউবি