ইবিতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ২৩:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে প্রতিযোগিতাটি শুরু হবে। 

রবিবার (৬ মার্চ) দুপুরে ভাষণ প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. রবিউল হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এতে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা অধিকার করবেন তাদের পুরষ্কার হিসেবে বই দেয়া হবে।

দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

এর আগে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এবং হলসমূহে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বাজানো হবে।