মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু (২৮) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহসহ ৩ পুলিশ আহত হয়েছেন।শনিবার দুপুর ১টার দিকে এই ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, জিতু, শিপুসহ শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ীর একটি চক্র ওই পরিত্যক্ত বাড়িতে মাদক বিক্রি করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিবি পুলিশের একটি দল। ওই স্থানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে শিপুসহ অন্যরা পালিয়ে যায়। ওই সময় মুহিবুর রহমান জিতু আহত হয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
আরও পড়ুন: এবার মিলার বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ
মাদক ব্যবসায়ীদের ছোঁড়া গুলিতে ডিবি পুলিশের উপপুলিশ পরিদর্শক মুমিন উল্লাহ,পুলিশ সদস্য কবির আহমদ ও সোহেল মিয়া আহত হন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এ খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে জিতু ও সহযোগী শিপন আহমদ (শিপু) গুলি করে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি করলে জিতু আহত হয়। আহত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলাসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে। তিনি মৌলভীবাজার শহরের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।
ইত্তেফাক/জেডএইচ
