এক যুগ পর বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন শেন ম্যাকডারমট। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিসিবি একাডেমির হেড কোচ, জাতীয় দল, হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করেছিলেন এ অস্ট্রেলিয়ান। সম্প্রতি ম্যাকডারমটকে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। চলতি সপ্তাহেই ঢাকায় চলে আসার কথা রয়েছে তার।
গতকাল এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার আনন্দ প্রকাশ করেছেন ম্যাকডারমট। তিনি বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত হয়ে জানাচ্ছি যে আমি বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ। বাংলাদেশের সঙ্গে আবার কাজ করব, দারুণ লাগছে। ২০০৬ ও ২০০৯ সালে একাডেমিতে যাদের সঙ্গে কাজ করেছি, ‘এ’ দল ও জাতীয় দলের অনেকের সঙ্গে যেমন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহসহ অনেকের সঙ্গে কাজ করেছি।’
ডোমিঙ্গো, সিডন্স, ডোনাল্ডদের সঙ্গে টাইগারদের কোচিং স্টাফে নাম লেখাতে পেরে খুশি ম্যাকডারমট। তিনি বলেছেন, ‘দারুণ এক কোচিং স্টাফের অংশ হয়ে ফেরাটাও দারুণ। রাসেল ডোমিঙ্গো, জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড আছেন।’ চলতি বছরের টি-২০ বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছুর আশাই করছেন এই অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ। তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ কাজ করেছে এমন এক দল ও কোচিং গ্রুপ তৈরিতে, যারা কি না অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপ ও ভারতে ২০২৩ বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে।’
টাইগারদের ফিল্ডিংয়ে উন্নতিতে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ম্যাকডারমট বলেছেন, ‘আশা করি আমি এটা নিশ্চিত করব যে ফিল্ডিং ইউনিট হিসেবে দল সবসময় সেরা প্রচেষ্টা করবে। আমরা জানি ফিল্ডিং অনেক সময় জয় বা পরাজয়ের কারণ হয়। আমি চেষ্টা করব যেন দল হারার চেয়ে বেশি জেতে। সবার সঙ্গে দ্রুত দেখা করতে মুখিয়ে আমি।’
