দিনাজপুরে পেঁয়াজের বাজার চড়া

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৩৫

হঠাৎ করে বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। দুই দিনের ব্যবধানে দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। 

হিলি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

দিনাজপুর শহরের বাহাদুরবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৪৪ টাকা আর ভারত থেকে আমদানিকৃত এলসির পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয় ৩২ টাকা। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১২ টাকা।

তিনি বলেন, শনিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৫৬ আর ভারত থেকে আমদানিকৃত এলসির পেঁয়াজ বিক্রি হয় ৪৬ টাকা। মাজেদুর রহমান জানান, বাজারে পেঁয়াজের আমদানি কমেছে। তাই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানিকৃত ও দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে। 

ইত্তেফাক/ ইআ