অসাধু চক্রের কারসাজি সফল হবে না: ওবায়দুল কাদের 

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:০৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পর্যাপ্ত পণ্য মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সঙ্কট তৈরি করে। অসাধু চক্রের কারসাজি সফল হবে না।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বাজারে জনস্বার্থবিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মেনে নেননি, নিবেন না এবং প্রশ্রয়ও দিবেন না। তিনি রমজান মাস টার্গেট করে জনস্বার্থবিরোধী এবং বাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযম হওয়ারও আহ্বান জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে একদেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে। রাশিয়া ও  ইউক্রেন সঙ্কটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী, তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি হয়, এমন কোনো বিষয়ে কখনো নীরব থাকেননি এবং আগামীতেও নীরব থাকবেন না। তিনি জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে। এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে। 

 

ইত্তেফাক/ইউবি