বর্তমান প্রেক্ষাপটে বাংলা সাহিত্য বেশ এগিয়ে যাচ্ছে। কবিতা থেকে উপন্যাস, প্রবন্ধ থেকে আত্মজীবনী, ধর্ম থেকে তথ্য প্রযুক্তি সব জায়গায় বাংলা সাহিত্যের ছোঁয়া লেগেছে। বাংলা সাহিত্যের অন্যতম আরেকটি জনপ্রিয় বিষয় হচ্ছে থ্রিলার সাহিত্য। সেটা হোক মৌলিক কিংবা অনুবাদ বা বিদেশি গল্পের অবলম্বনে।
থ্রিলার সাহিত্য শুধু ইদানীংকালে নয়, অনেক আগে থেকেই বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছে। সেকথা বলতে গেলে প্রথমেই এসে যায় সত্যজিৎ রায়ের ফেলুদা, শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ, সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি-এর কথা।
এ তো গেল ওপার বাংলা কথা। আমাদের দেশে আছেন রকিব হাসানের তিন গোয়েন্দা, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, রোমেনা আফাজের দস্যু বনহুর।
এছাড়াও রয়েছে আমাদের বাংলা সাহিত্যের আরেক জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের মিসির আলি। এই বইগুলো পাঠকের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছে, যা এখনো সমান জনপ্রিয়তা এবং বেস্ট সেলারের তালিকায় থেকে যাচ্ছে। আবার পাশাপাশি বর্তমানে অনেক থ্রিলার লেখক আসছেন, যাদের লেখা পড়লে পাঠক চমকে উঠতে বাধ্য। মোহাম্মদ নাজিম উদ্দিন এবং তাঁর ‘রবীন্দ্রনাথ’ বা ‘বেগ-বাস্টার্ড’ সিরিজ একটা বড় উদাহরণ।
এছাড়াও তালিকায় রয়েছেন জাহিদ হোসেন, শরিফুল হাসান, তানজিম রহমান, ফাহমিদা ফারুক, প্রমুখ। আর গল্পের কাহিনীও কিন্তু একটা বিশেষ জায়গায় থেমে নেই। ‘দুধ চা খেয়ে তোকে গুলি করে দেব’, ‘বিবমিষা’, ‘ধাঁধার থেকেও জটিল’, ইত্যাদি কয়েকটা উদাহরণ। এতেই অনুধাবন করা যায় যে থ্রিলার সাহিত্য কতটা জনপ্রিয়। আনন্দের কথা হলো—আমাদের দেশে বর্তমানে বেশকিছু নতুন লেখক থ্রিলার বই নিয়ে কাজ করছে এবং বেশ জনপ্রিয়তাও অর্জন করছে।
কিন্তু কিছু দুঃখের বিষয়ও রয়ে গিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে থ্রিলার সাহিত্যকে কেন্দ্র করে পুরস্কার প্রদান করা হয়। এডগার এলান পো অ্যাওয়ার্ড, ব্রাম স্টোকারঅ্যাওয়ার্ড, গোল্ড ড্রাগার অ্যাওয়ার্ড, ইত্যাদি কয়েকটি উল্লেখ যোগ্য নাম। কিন্তু আমাদের দেশে থ্রিলারের ক্ষেত্রে তেমন কোনো পুরষ্কার প্রদান করা হয় না।
একজন প্রকাশক হিসেবে আমি মনে করি, থ্রিলার সাহিত্যকে নিয়ে আমাদের আরো ভালো কাজ করা দরকার। আমি নিজেও একজন থ্রিলার পাঠক এবং ভবিষ্যতে আমার থ্রিলার বই নিয়ে আরো ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। বর্তমানে অনেক প্রকাশক এসব থ্রিলার নিয়ে কাজ করছেন। আমি আশাবাদী অচিরেই থ্রিলার বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান করে নেবে।
প্রকাশক: প্রতীক প্রকাশনী
