গ্রীষ্মের শুরুতেই সিরাজগঞ্জের বাজারে উঠছে তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এ বছর আগেই বাজারে তরমুজ এসেছে। তবে দাম চড়া বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি তরমুজ ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও বছরের নতুন ফল হিসাবে বিক্রি ভালো হচ্ছে বলে বিক্রেতারা জানান।
তারা আরো জানান, বাজারে আসা নতুন ফল হিসাবে এর দাম একটু বেশি। তবে কিছু দিনের মধ্যেই তরমুজের আমদানি বাড়বে। তখন দাম কমে যাবে।
শহরের বড় বাজারের তরমুজ ক্রেতা শফিকুল ইসলাম জানান, বাজারে তরমুজ দেখে কিনতে আসলাম। তবে বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন।
অপর ক্রেতা শাহনাজ পারভীন জানান, ছেলেকে নিয়ে বাজারে এসেছি| তরমুজ দেখে কেনার বায়না ধরেছে। তাই কিনলাম। দাম নিলো ৬০ টাকা কেজি।
বিক্রেতা জহির আলী জানান, বাজারে মাত্র তরমুজ আসতে শুরু করেছে। মোকামে দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি জানান, আগে আমাদের তাড়াশের চলন বিল এলাকায় প্রচুর তরমুজের আবাদ হতো। স্থানীয় বাজারে তখন দাম কম নেওয়া হতো। এখন সেখানে তরমুজ আবাদ না হওয়ায় আমদানি করতে হয়।
