রাজশাহীতে দেয়াল ধসে শ্রমিক হতাহতের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:৩৫

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম বিমানচত্বর এলাকায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলামের (৩৫) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত রিয়াজুলের বাবা মাহাতাব আলী বাদি হয়ে বাড়ির মালিক এন্তাজ আলীকে আসামি করে চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ ওই মামলায় এন্তাজ আলীকে গ্রেফতার করে।

চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন জানান, গত শনিবার (১২ মার্চ) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এন্তাজ আলীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।

ওসি আরও বলেন, এন্তাজ আলী একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙে সেখানে ৭ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা না করেই নির্মাণ শ্রমিকদের কাজে লাগিয়েছেন। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৩টার দিকে এন্তাজ আলীর বাড়ি নির্মাণের কাজের সময় সীমানা প্রাচীর ধসে পাঁচ শ্রমিক নীচে চাপা পড়ে। এদের মধ্যে রিয়াজুল মারা যান। আহত অবস্থায় শ্রমিক এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলমকে (৩৫) উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

ইত্তেফাক/এমএএম