দেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে সিলভার ক্যাটাগরিতে ‘অর্ডার অব ইখামাঙ্গা অ্যাওয়ার্ড’ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জক ক্যালিস। ডারবানে বৃহস্পতিবার রাতে এক জাঁকজমক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা ‘অর্ডার অব ইখামাঙ্গা অ্যাওয়ার্ড’ পুরস্কার তুলে দেন ক্যালিসের হাতে। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ক্যালিস। এসময় ১৬৬টি টেস্ট, ৩২৮টি ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেন তিনি। টেস্টে ৪৫টি সেঞ্চুরি, ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩২৮৯ রান, ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি, ৮৬ টি হাফ-সেঞ্চুরিতে ১১৫৭৯ রান ও টি-টোয়েন্টিতে পাঁচটি হাফ-সেঞ্চুরিতে ৬৬৬ রান করেছেন ক্যালিস। বল হাতে টেস্টে ২৯২টি, ওয়ানডেতে ২৭৩টি ও টি-২০তে ১২টি উইকেট নেন তিনি। ক্যালিসের আগে ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শন পোলক, মাখায়া এনটিনি ও হাশিম আমলা এ পুরস্কার পেয়েছিলেন।
