ফ্লাইওভার ধস: আরো একজনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ১৯:২৮
চট্টগ্রাম: বন্দরনগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ৩৬ ঘণ্টা পর সোমবার বেলা পৌনে ১২টায় আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম চান মিয়া (৩২ )। তার গ্রামের বাড়ি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকায় বলে জানা গেছে। এ নিয়ে ফ্লাইওভার ট্রাজেড়িতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। গার্ডার ভেঙে এর বড় একটি অংশ পুকুরে পড়ে যাওয়ায় সেখানে আরো বেশ কয়েকটি লাশ থাকতে পারে এমন আশঙ্কায় বহদ্দার বাড়ির পুকুরে ডুবুরী নামিয়ে অভিযান চালাচ্ছে সেনা বাহিনীর উদ্ধার টিম। উদ্ধার তৎপরতা তদারকিতে নিয়োজিত সেনাবাহিনীর কর্নেল নাঈম আশফাক চৌধুরী সাংবাদিকদের জানান, রোববার সকালে ঢাকা থেকে ধসে যাওয়া গার্ডারগুলো কাটার জন্য শক্তিশালী কাটিং মেশিন আনা হয়েছে। এগুলো পাবার কারণে উদ্ধার অভিযান অনেক গতি পেয়েছে। তিনি আজকের মধ্যে উদ্ধার অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান। গার্ডারের নিচে এখনো অনেকের লাশ থাকতে পারে এমন আশঙ্কার কারণে ধসে পড়া গার্ডারগুলো কাটিং মেশিন দিয়ে কেটে ছোট করে অন্যস্থানে সরানোর চেষ্টা চলছে। সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ বলেন, সকাল সেনাবাহিনীর উদ্ধারকারী টিম পুকুরেও কয়েক দফা তল্লাশি করা হচ্ছে। সোমবার একটি লাশ পাওয়া যায় বলে তিনি জানান। গত শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোরের সদস্যরা চেষ্টা চালিয়ে তিনটি গার্ডারের মধ্যে দুটি গার্ডারের বেশকিছু অংশ কেটে সরাতে সক্ষম হয়েছে। তবে পুকুরের দিকে পড়ে থাকা গার্ডারটি এখনো সরানো সম্ভব হয়নি। প্রতিদিনের মতো আজও দুর্ঘটনাস্থলের আশপাশে ভিড় করেছেন অসংখ্য মানুষ। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বহদ্দারহাটের অদূরে খাজা রোডে মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে সড়কের পার্শ্বে এবং পুকুরে। এতে অসংখ্য মানুষ চাপা পড়ে। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ফ্লাইওভার নির্মাণ সামগ্রীতে আগুন ধরিয়ে দিলে পুলিশের সঙ্গে জনতার সংর্ঘষ বেধে যায়। এদিকে ফ্লাইওভারের গার্ডার ভেঙে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় সোমবার থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার কালো ব্যাজ ধারণ, এলাকায় কালো পতাকা উত্তোলন ও বাদ আসর জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদে দোয়া মাহ্ফিল। মঙ্গলবার সকাল ১০ টায় বহদ্দারহাট মোড় হতে মানববন্ধন করা হবে। দু’দিনের কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।