লক্ষ্য মধ্যম আয়ের দেশ

স্কাউটদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ১৯:৫৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন। স্কাউটদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে দেশের উন্নয়নের ভার কাঁধে নিতে প্রস্তুত হতে বলেন তিনি। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'স্কাউট বন্ধুরা, তোমরা নিজেদের তৈরি করার জন্য প্রস্তুত হও। বয়স্করা কিভাবে তাঁদের দায়িত্ব পালন করছেন তা নিজেরা রপ্ত কর। আমি দেখতে চাই তোমরা শিগগির তাদের জায়গায় এসেছ।' শেখ হাসিনা বলেন, 'আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। দারিদ্র্য দূর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই লক্ষ্যে স্কাউটদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।' অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ার্ল্ড স্কাউট কমিটির চেয়ারম্যান সিমন হাং-বচ রি, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট মো. আবদুল করিম, বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান হাবিবুল আলম বীরপ্রতীক বক্তব্য দেন। এতে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক স্কাউটের চেয়ারম্যান জেজোমার সি বিনয়ের একটি বিবৃতি পড়ে শোনানো হয়। স্কাউটিং তাঁর প্রিয় সংগঠনগুলোর অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। তিনি বলেন, 'স্কাউটরা প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দেশের জন্য দায়িত্ব পালনে তারা অগ্রবর্তী স্বেচ্ছাসেবী দল হিসেবে এগিয়ে আসে।' দেশে বর্তমানে ১১ লাখ ৬৪ হাজার স্কাউট সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর এ সংখ্যা হবে ১৫ লাখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার তিনটি প্রকল্পের মাধ্যমে দেশের স্কাউটিং সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। এগুলো হলো- প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব স্কাউট সম্প্রসারণ প্রকল্প, স্কাউটিংয়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ২৪ এশিয়া প্যাসিফিক স্কাউট সম্মেলন শীর্ষক প্রকল্প। প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটস, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস তথা বিশ্ব স্কাউটসের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে ইতিমধ্যে আরো দুটি বিশেষ স্কাউটিং প্রোগ্রাম- স্কাউট লিডারদের জন্য কোর্স ফর লিডার ট্রেনার্স ও রোভারদের জন্য ইয়ুথ ফোরাম শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এই দুটি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এবং ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট সম্মেলনের সাফল্য কামনা করেন। এর আগে প্রধানমন্ত্রী ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্বোধনী খাম ও একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।